দেবাশীষ ভট্টাচার্য : কলকাতা, ১৫ জুলাই, ২০২৬। তাজমহলের শহর আগ্রা থেকে উঠে এল মানবিকতার এক অনন্য নিদর্শন, যা আমাদের দেশকে গর্বিত করে।
আর্জেন্টিনা থেকে তাজমহল দেখতে এসেছিলেন এক বিদেশিনী পর্যটক। পরনে ছিল শাড়ি, কিন্তু সেই শাড়ি সামলাতে না পেরে তা হঠাৎই খুলে যাওয়ার উপক্রম হয়। জনবহুল পর্যটন কেন্দ্রে নিজেকে অত্যন্ত অসহায় এবং অস্বস্তিতে পড়তে দেখে তিনি বুঝে উঠতে পারছিলেন না কী করবেন।
সেই সময়ই দেবদূতের মতো পাশে এসে দাঁড়ান আগ্রা পুলিশে কর্মরত মহিলা কনস্টেবল গুড্ডি দেবী। ওই পর্যটকের অস্বস্তি এবং বিপাকে পড়ার বিষয়টি মুহূর্তেই বুঝে নেন তিনি। কোনো দ্বিধা না করে গুড্ডি দেবী নিজেই এগিয়ে যান এবং পরম মমতায় ওই পর্যটকের শাড়ির কুঁচি ঠিক করে নতুন করে সুন্দরভাবে শাড়িটি পরিয়ে দেন।
ভারতের সেই চিরন্তন সংস্কৃতি—’অতিথি দেবো ভবঃ’ বা অতিথিই ঈশ্বরের স্বরূপ—আজ যেন সশরীরে ফুটে উঠল আগ্রা শহরের বুকে। শাড়ি পরা শেষ হতেই আবেগে আপ্লুত ওই বিদেশী পর্যটক ধন্যবাদ জানান কনস্টেবল গুড্ডি দেবীকে। এটি কেবল একটি ধন্যবাদ ছিল না, এটি ছিল ভারতীয় সংস্কৃতির উদারতা ও আতিথেয়তার প্রতি এক গভীর শ্রদ্ধার্ঘ্য।
উত্তরপ্রদেশ পুলিশের এই মানবিক মুখ আমাদের মনে করিয়ে দেয় যে, আইন-শৃঙ্খলা রক্ষার বাইরেও আমাদের দেশের পুলিশ বাহিনী কতটা সহানুভূতিশীল এবং পর্যটকদের সাহায্যের জন্য সর্বদাই তৎপর। কনস্টেবল গুড্ডি দেবীর এই মহানুভবতাকে কুর্নিশ।

