নিজস্ব প্রতিনিধি : কাঁথি, ২৪ সেপ্টেম্বর, ২০২৬। অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর উদ্যোগে আয়োজিত রুবি মোড়ে এবছর মহাসভার দুর্গা পূজার থিম “নন্দীগ্রাম থেকে নবান্ন, বুবাইয়ের জয়যাত্রা” ইতিমধ্যেই দেশজুড়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে । হিন্দু মহাসভার পক্ষ থেকে দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গেস্ট অব অনার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে । রাষ্ট্রপতির চিফ সেক্রেটারি এবং প্রধানমন্ত্রী দপ্তর থেকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে ও ফোন করে শুভেচ্ছাবার্তা জানানো হয়েছে । এবার হিন্দু মহাসভার পুজোর উদ্যোক্তারা কাঁথিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ি শন্তিকুঞ্জে এবং অফিসে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারীকে চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ জানালেন । উপহার হিসেবে দেওয়া হলো পূজার আমন্ত্রণপত্র ও কার্ড, মিষ্টান্ন ও হিন্দু মহাসভার উত্তরীয় । বিশিষ্ট রাজনীতিবিদ ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারীও হিন্দু মহাসভার উত্তরীয় এবং উপহার কপালে ঠেকিয়ে প্রণাম করে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন ও পুজোর উদ্যোগকে পাল্টা শুভেচ্ছা জানালেন । পূজার বিষয়ে ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য শ্যামাপ্রসাদ মুখার্জির পুণ্যভূমি পশ্চিমবঙ্গে প্রথমবার জনগণের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সনাতনী জাতীয়তাবাদী বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আর এই ঐতিহাসিক ঘটনাকে সাক্ষী করে রাখতেই আমরা হিন্দু মহাসভার পক্ষ থেকে এবছর এই রকম অভিনব থিম নির্বাচন করেছি । হিন্দু মহাসভা থেকে দায়িত্ব পেয়েই ডাক্তারজী এবং গুরুজী আরএসএস প্রতিষ্ঠা করেন । এই আরএসএস থেকে ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জনসংঘ হয়ে আজকের ভারতীয় জনতা পার্টি । ফলে বর্তমান ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার আমাদেরই ডি.এন.এ. বহন করছে তাই এই সরকারকে রক্ষা করার দায়িত্বও আমাদেরই । সংগঠনের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি পূজার মণ্ডপে ছবি এবং ব্যানারের মাধ্যমে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের সংগ্রাম এবং সাফল্য তুলে ধরবো । শুধু তাই নয় ডকুমেন্টারি ফিল্ম বানিয়ে প্রজেক্টর ও স্ক্রিনের মাধ্যমে শুভেন্দু বাবুর সেই নন্দীগ্রাম থেকে পথ চলা শুরু করে আজ নবান্ন বিজয় পর্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য গুলো শর্ট ফিল্মের আকারে দেখানো হবে । ভারতবর্ষের সমস্ত শুভেন্দুপ্রেমী মানুষ যারা জনগণের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর উদ্যেশ্যে কোন বার্তা দিতে চান তাঁরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন, আমরাই ওনাদের মাধ্যম হয়ে ওনাদের স্লোগান বা তথ্যচিত্র মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেব । আমাদের দেবীর মূর্তিটিও তৈরি হচ্ছে কালীঘাটের ঐতিহাসিক হিন্দুমহাসভা ঘাটের মাটি দিয়েই । আমরা পূজার কার্ড ও চিঠি নিয়ে শুভেন্দু বাবুর রত্নগর্ভা পিতা মাতা শিশির অধিকারী মহাশয় ও গায়ত্রী দেবীকে প্রণাম জানালাম । শিশির বাবুর স্নেহের স্পর্শ ও পাল্টা আশীর্বাদ আমাদের সমৃদ্ধ করলো । তবে সমস্ত আয়োজনের মধ্যে রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর আন্তরিক আবেদন আমাদের পূজা মাত্র কয়েক জন সদস্যের পকেটের টাকা থেকেই হয় । ফলে আমাদের বাজেট নিতান্তই সীমিত । বিগত তৃণমূল সরকারের সময় আমরা কখনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোন আর্থিক অনুদান পাইনি । তাই শুভেন্দু বাবুর সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ যাতে আমাদের পূজায় সরকারি অনুদান পাওয়া যায় কারণ এবছরের হিন্দু মহাসভার পূজার সাথে সারা পশ্চিমবঙ্গের সম্মান জড়িত রয়েছে । কাঁথিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ও অফিসে ওনার পিতা শিশির অধিকারীর সাথে সৌজন্য সাক্ষাতে হিন্দু মহাসভার পক্ষ থেকে রাজ্যে সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও অনামিকা মন্ডল, সন্দীপন সরকার, বিদ্যাভূষণ সিং, অসীম রায়, মৃত্যুঞ্জয় বালা, কৌশিক গাঙ্গুলী সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন ।

