লগান আর গুজরাট ভূমিকম্প…।

লগান আর গুজরাট ভূমিকম্প…।

Spread the love

কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ১০ আগস্ট, ২০২৬। তৃতীয়বার বিয়ের পর থেকেই নানা কারণে চর্চার কেন্দ্রে আমির খান। গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের শুরু নিয়ে জোর আলোচনা ! একই সঙ্গে একের পর এক বিতর্কও ! ‘লাভ জেহাদ’ থেকে শুরু করে বিষ্ণোই গ্যাংয়ের খুনের হুমকি, সব মিলিয়ে আমিরকে ঘিরে আলোচনার শেষ নেই। এমনকি জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চেও তাঁর সম্ভাব্য চতুর্থ বিয়ে নিয়ে খোঁচা শুনতে হয় অভিনেতাকে।

এই বিতর্কের মধ্যেই এবার নতুন করে আলোচনায় তাঁর কেরিয়ারের অন্যতম ছবি ‘লগান’।

‘লগান’ শুধু ব্লকবাস্টার সিনেমা নয়, ‘লগান’ এখন জড়িয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতির সঙ্গেও ! ছবির শুটিংয়ের স্থান আজও বহন করে চলেছে ভয়ংকর এক ভূমিকম্পের ক্ষত !

২০০১ সালের ১৫ জুন বড় পর্দায় মুক্তি পায় ‘লগান’। মুক্তির কয়েক মাস আগেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে গুজরাটের বিস্তীর্ণ অংশ। ২০০১ সালের ২৬ জানুয়ারি সেই বিধ্বংসী ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় বহু এলাকা। সেই ধ্বংসের আঁচ এসে পড়েছিল কচ্ছ জেলার ভুজের কাছে অবস্থিত কুনারিয়া গ্রামেও।

এই গ্রামেই হয়েছিল আমির খান অভিনীত ‘লগান’-এর একটি বড় অংশের শুটিং। তবে সিনেমায় গ্রামটির নাম ছিল ‘চম্পানের’। বিশাল সেট, গ্রামীণ পরিবেশ, ব্রিটিশ শাসনের পটভূমি আর ক্রিকেটকে কেন্দ্র করে গড়ে ওঠা সেই কাহিনি দর্শকদের মুগ্ধ করেছিল। তারপরেই বাস্তবে কয়েক মাসের মধ্যেই সেই জায়গার চেহারা বদলে যায় প্রকৃতির ভয়ংকর রোষে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আজ সেই শুটিং লোকেশনের পুরনো চেহারার প্রায় কিছুই অবশিষ্ট নেই ! ধ্বংসস্তূপ আর সময়ের প্রবাহের মধ্যে সম্বল হয়ে দাঁড়িয়ে শুধু একটি বটগাছ ! আর একটি ফাটল ধরা কুয়ো। ভূমিকম্পের পর এখন সেখানে শুধু ধ্বংসের নিস্তব্ধতা !

ভূমিকম্পের পর ‘লগান’ টিমের অনেকেই যান কুনারিয়ায়। আমির খান, ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকর-সহ দলের আরও কয়েকজন সদস্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ধ্বংসের সেই চিত্র শুধু তাঁদের ব্যক্তিগতভাবে নাড়া দেয়নি, সেই স্মৃতি ছড়িয়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হয় আন্তর্জাতিক স্তরে।

ছবিতে ব্রিটিশ ক্যাপ্টেন রাসেলের চরিত্রে অভিনয় করেছিলেন বিদেশি অভিনেতা পল ব্ল্যাকথর্ন। ভূমিকম্পের পরে ক্ষতিগ্রস্ত এলাকার একাধিক ছবি তিনি ক্যামেরবন্দি করেন। কিন্তু সেই ছবি তোলার পিছনে ছিল শুধু স্মৃতি ধরে রাখার ইচ্ছা নয়, ছিল আরও বড় একটি মানবিক উদ্দেশ্য।

পরে লন্ডনে ‘বলিউড ব্যাকপ্যাক’ নামে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন পল ব্ল্যাকথর্ন। সেখানে তুলে ধরা হয় গুজরাটের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার নানা ছবি। সেই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল ভূমিকম্পে সর্বস্ব হারানো মানুষের জন্য তহবিল সংগ্রহ করা। পরবর্তীকালে সেই সংগৃহীত অর্থ গুজরাটের ভূমিকম্প-বিধ্বস্ত মানুষের ত্রাণ ও পুনর্বাসনের কাজে দেওয়া হয়।

সিনেমা আর বাস্তব দুই জগতের পথ এভাবেই এসে মিশে গিয়েছিল এক জায়গায়। পর্দায় ‘লগান’ ছিল সংগ্রামের গল্প। অত্যাচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর। অসম্ভবকে সম্ভব করে তোলার কাহিনী। পর্দার বাইরে গ্রামের মানুষও তখন লড়ছিলেন অন্য এক কঠিন লড়াই ! ধ্বংসস্তূপ থেকে জীবনকে নতুন করে গড়ে তোলার !

ভয়াবহ গুজরাট ভূমিকম্পের মাত্র পাঁচ মাসের মধ্যেই মুক্তি পায় ‘লগান’। ফলে ছবির সাফল্যের সঙ্গে অদৃশ্যভাবে জড়িয়ে যায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতি। ভুবনদের ক্রিকেটিয় লড়াই পর্দায় দেখার সময় অনেকের মনেই হয়তো তখন টাটকা গুজরাটের ধ্বংসের সেই ভয়ংকর দৃশ্য।

ছবির গৌরবের সঙ্গেও জড়িয়ে যায় কুনারিয়ার নীরব স্মৃতি। একদিকে অস্কারের স্বপ্ন, আন্তর্জাতিক খ্যাতি আর সিনেমার ঐতিহাসিক সাফল্য। অন্যদিকে শুটিং লোকেশনে ভূমিকম্প, মানুষের কান্না এবং প্রকৃতির ভয়ংকর শক্তির ক্ষমতা।

আজও তাই ‘লগান’-এর নাম উঠলে ‘ভারতীয় সিনেমার গর্ব’ এই পরিচয়েই ছবিটিকে সীমাবদ্ধ করা যায় না ! একই সঙ্গে জড়িয়ে আছে ২০০১ সালের গুজরাট ভূমিকম্পের দুঃসহ স্মৃতিও।

আজ এই পুরনো অধ্যায় সামনে আসায় তৈরি হয়েছে অন্য এক আলোচনা ! ব্যক্তিগত জীবনে দু’বার বিবাহবিচ্ছেদের পর আবার নতুন সম্পর্ক এবং নতুন দাম্পত্যে পা রেখেছেন তিনি। তাই তাঁকে নিয়ে চলছে বিয়ে, সম্পর্ক এবং ব্যক্তিগত জীবন নিয়ে নানা চর্চাও ! তাই নেটিজেনদের একাংশের মজা করে প্রশ্ন, দু’বার দাম্পত্য ভাঙ্গার মতোই কি প্রকৃতির কাছেও ‘আনলাকি’ আমির !

বাস্তবের সঙ্গে কুসংস্কার বা ব্যক্তিগত জীবনের যোগসূত্র টানা উচিৎ নয়। তবু বলিউডের এক মহাতারকা, তাঁর জীবনেএকের পর এক বিতর্ক, তৃতীয় বিয়ে, পুরনো সম্পর্কের ইতিহাস এবং তাঁর অন্যতম সফল ছবির শুটিং লোকেশনের সঙ্গে জড়িয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ! সব মিলেমিশে এক অদ্ভুত আলোচনার জন্ম দিয়েছে !

‘লগান’ আজ স্বপ্ন, সাফল্য, সংগ্রাম, ধ্বংস, মানবিকতার হাত এবং ইতিহাসের এক ভয়ংকর দিনের কোলাজ ! পর্দায় ভুবন জিতেছিল। কিন্তু কুনারিয়ার মানুষকে লড়তে হয় আরও কঠিন লড়াই !

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *