কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ২৪ জুলাই, ২০২৬। প্রায় অর্ধশতাব্দী হতে চললো তিনি আমাদের মধ্যে নেই। তবু আজও তিনি বাঙ্গালীর ম্যাটিনি আইডল ! আজ ২৪ জুলাই। তাঁর চলে যাওয়ার দিন। সারা বছরই তিনি আমাদের মনে ! তবু আজ একটু স্পেশাল ! এখন সোশ্যাল প্ল্যাটফর্মেও এই দিনটা তাঁর ! প্রতি বছরের মত এবারও তাই তিনি জীবন্ত !
উত্তর কলকাতার আহিরিটোলায় উত্তম কুমারের পৈত্রিক বাড়িতে তাঁর ৪৬তম প্রয়াণ দিবসের স্মরণ অনুষ্ঠান। এই উপলক্ষে মহানায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর।
তাঁর কথায়, মহানায়ক উত্তম কুমার শুধু একজন অভিনেতাই নন, তিনি বাঙ্গালীর আবেগ, সংস্কৃতি এবং বাংলা চলচ্চিত্রের এক চিরন্তন প্রতীক। তাঁর অভিনয়শৈলী, ব্যক্তিত্ব এবং বাংলা সিনেমায় অবদান এই প্রজন্মেরও অনুপ্রেরণা ! তাঁর অভিনীত চরিত্র, সংলাপ ও পর্দার উপস্থিতিতে বাংলা চলচ্চিত্র সমৃদ্ধ ! পৌঁছে গিয়েছে এক অনন্য উচ্চতায় !
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মহানায়কের স্মৃতিচারণ করে বলা হয়, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ চলে যান, কিন্তু তাঁদের সৃষ্টিকর্ম অমর। মহানায়ক আজও বেঁচে আছেন অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে, কোটি কোটি দর্শকের ভালোবাসায় ! ভারতীয় সিনেমার ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল। তাই আজও তিনি অম্লান,অমর। আপনাদের কি মনে হয় ::

