*মহরমে মেট্রো কম, চিংড়িহাটা ফ্লাইওভার বন্ধ, কবে কখন*
কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ২৫ জুন, ২০২৬। আগামী শুক্রবার মহরম উপলক্ষে কলকাতায় গণপরিবহন ও ট্রাফিক ব্যবস্থায় পরিবর্তন প্রশাসনের। ছুটির দিনে সাধারণত যাত্রীসংখ্যা তুলনামূলক কম, তাই মেট্রো রেল কর্তৃপক্ষর বেশ কয়েকটি রুটে ট্রেনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত। একইসঙ্গে মেট্রোর নির্মাণকার্যের স্বার্থে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল চিংড়িহাটা ফ্লাইওভারও নির্দিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হবে। ফলে সপ্তাহের শেষভাগ এবং পরবর্তী কয়েকদিন শহরবাসীর যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন প্রয়োজন। তবে স্বস্তির খবর, মেট্রোর প্রথম ও শেষ ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। অর্থাৎ পরিষেবা শুরু ও শেষ হওয়ার সময় আগের মতোই থাকবে।
মেট্রো রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার ব্লু লাইন, ইয়েলো লাইন এবং গ্রিন লাইনে ট্রেনের সংখ্যা কমানো হচ্ছে। অন্যদিকে অরেঞ্জ লাইন ও পার্পল লাইনে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে এবং অন্যান্য দিনের মতোই নির্ধারিত সময়সূচি মেনেই ট্রেন চলাচল করবে।
সবচেয়ে বেশি যাত্রীবহুল ব্লু লাইনে সাধারণ দিনে যেখানে মোট ২৬০টি মেট্রো ট্রেন চলাচল করে, সেখানে মহরমের দিন ট্রেনের সংখ্যা কমিয়ে ২১৬টি করা হবে। একইভাবে ইয়েলো লাইনে দৈনিক ১২০টি ট্রেনের পরিবর্তে চালানো হবে ৯২টি মেট্রো। শুধু তাই নয়, জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যে ৭টি সরাসরি পরিষেবা সাধারণত পাওয়া যায়, সেদিন সেই সংখ্যা কমে দাঁড়াবে মাত্র ৪-এ। গ্রিন লাইনেও পরিষেবায় কাটছাঁট করা হচ্ছে। এই লাইনে দৈনিক ২২৮টি ট্রিপের পরিবর্তে শুক্রবার চলবে ১৮৬টি মেট্রো।
অন্যদিকে, শহরের যান চলাচলের ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন কদিন। মেট্রোর নির্মাণকাজের জন্য ইএম বাইপাস সংলগ্ন অত্যন্ত ব্যস্ত চিংড়িহাটা ফ্লাইওভার দু’দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যই এই পদক্ষেপ নেওয়া। যাতে কোনও ধরনের দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই লক্ষ্যেই যান চলাচলে এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
ফ্লাইওভার বন্ধ রাখার প্রথম দফা শুরু হবে আগামী শুক্রবার রাত ৮টা থেকে। এরপর টানা পরবর্তী সোমবার রাত ৮টা পর্যন্ত চিংড়িহাটা ফ্লাইওভারের উপর দিয়ে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। দ্বিতীয় দফায় আগামী জুলাই মাসের ৩ তারিখ রাত ৮টা থেকে আবার ফ্লাইওভার বন্ধ করা হবে এবং সেই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত।
ফলে মহরমের ছুটির দিন থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন কলকাতার যাত্রীদের কিছুটা পরিকল্পনা করে পথে বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে ইএম বাইপাস ও চিংড়িহাটা সংলগ্ন এলাকায় যানজটের সম্ভাবনা থাকায় নির্ধারিত গন্তব্যে পৌঁছতে অতিরিক্ত সময় হাতে রাখা প্রয়োজন। ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও বিকল্প রাস্তা ব্যবহার এবং ট্রাফিক নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
মেট্রোর ট্রিপ সংখ্যা কমে যাওয়া এবং গুরুত্বপূর্ণ ফ্লাইওভার বন্ধ থাকার কারণে যাতায়াতে কিছুটা প্রভাব পড়লেও প্রশাসনের আশা, যথাযথ পরিকল্পনা ও সতর্কতার মাধ্যমে সাধারণ মানুষের অসুবিধা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।

