ডাঃ দীপালোক বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতা, ২২ নভেম্বর, ২০২৬। ভৈরব বিশ্বব্রহ্মান্ডকে লালন ও পালন করেন ৷ ভী মানে ভয় আর সেই ভয় থেকে আওয়াজ বা রব , তাই ভৈরব ৷ সাধকদের মনন , চিন্তন ও ক্রন্দন থেকে তাঁর আবির্ভাব ৷ শিবকে পাওয়ার আর্তি থেকে উদ্ভব ৷ ভগবান শিবের ভীষণ ভয়ংকর রূপ বা সন্তান সম রূপ কালভৈরবকে কেবলমাত্র হিন্দুধর্মে নয় বৌদ্ধ ও জৈন ধর্মে তাঁর আরাধনা করা হয় । তন্ত্র সাধনায় ভৈরব হলেন মহাশক্তিধর দিব্য পুরুষ । হিন্দু ধর্ম অনুযায়ী কালভৈরব হলেন কাল বা সময়ের শাসক। কালভৈরবের চার হাতের উপরের দু হাতে শূল ও বরাভয় এবং নিচের দু হাতে থাকে দন্ভ ও মুন্ভ ৷ যাঁর বাহন কালো কুকুর ৷ যা অন্য হিন্দু দেবতার ক্ষেত্রে দেখা যায় না ৷ তাঁর গলায় সর্পযজ্ঞোপবীত ও কপালে চন্দ্রকলা ৷ তিনি মৃত্যুর দেবতা ও সময়ের অধিপতি ৷ ভৈরবের অধীনে থাকে বরাহ রূপধারী ষড়রিপু ৷ বামাচারী তান্ত্রিক ও অঘোরীরা তাঁর উপাসনা করেন ৷ স্বয়ং রুদ্রের নির্দেশ সব শিব মন্দিরে কাল ভৈরবের মূর্তি থাকা উচিত ৷
শাস্ত্র মতে কাল ভৈরবের পুজো করলে শারীরিক , মানসিক , আর্থিক সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ৷
হিন্দু পুরাণ অনুসারে প্রথম মানব মনু ও প্রথম মানবী শতরূপা৷ ব্রহ্মপুরাণ মতে একবার প্রজাপতি ব্রহ্মা অহংকার বশত শিবের নিন্দা করছিলেন। তখন তাঁর পাঁচটি মাথা ছিল। ব্রহ্মা মহাদেবের থেকে ও বেশি গুরুত্ব পেতে চেয়েছিলেন, শিবকে অবহেলা করেন । ব্রহ্মার অনাচার থেকে শতরূপাকে রক্ষা করতে শিবের ক্রোধ থেকে কাল ভৈরব জন্ম নেন ৷
কালভৈরব রেগে নিজের নখ দিয়ে ব্রহ্মার পঞ্চম মাথাটি কেটে দেন ৷ সেই থেকে ব্রহ্মা চতুরানন ৷ এই চার মাথা থেকে উৎপত্তি হয় বিশ্বের প্রথম ধর্মগ্রন্থ চার বেদ ৷ আসলে ব্রহ্মার পাঁচ নম্বর মাথাটি ছিল সর্বনাশের মূলে ৷ কামাবৃত্ত ৷ পুরাণের সব কাহিনী রূপক ৷ এর মাধ্যমে আমরা বুঝতে পারি কামের দমন হলে হয় জ্ঞানের প্রকাশ ৷ আমি আমার লেখা “সনাতনী কৃষ্টিকথা ” ও “হিন্দু ধর্ম” বই দুটিতে হিন্দু মূল ব্যাখ্যা তুলে ধরেছি৷ কাল ভৈরব ব্রহ্মার পঞ্চম মাথাটি কেটে ফেলায় ব্রহ্মার কামনা বাসনা দূর হয় ৷ জ্ঞানের প্রকাশ ঘটে ৷ তবু ,মস্তক কেটে ফেলা ব্রহ্ম হত্যার ন্যায় পাপে কালভৈরবকে দীর্ঘদিন ধরে এই পাপ বহন করতে হয়েছিল । পরে ভগবান শিবের নির্দেশে কাশীতে গিয়ে কালভৈরব এই পাপ থেকে মুক্তি লাভ করেন। কাশীর বড় পোস্ট অফিসের পাশে বাঁদিকের গলিতে আজও রয়েছে কালভৈরবের অধিষ্ঠান তথা কালভৈরব মন্দির ৷
মহাদেবের দ্বাদশ জ্যোর্তির্লিঙ্গের প্রধান মনে করা হয় কাশীর বিশ্বনাথকে ৷ তিনি কাশীর অধিশ্বর আর কাল ভৈরবকে বলা হয় তাঁর কোতোয়াল অর্থাৎ হিন্দু বিশ্বাসে পৃথিবীর প্রাচীনতম বারাণসী বা কাশী মহানগরী তথা বিশ্বনাথের প্রধান সেনাপতি বা প্রশাসক ৷ কালভৈরবকে দর্শন না করে কাশীবাসী হলে বা বিশ্বনাথ দর্শন করলে ঈপ্সিত পূণ্যফললাভ হয় না ৷ যমরাজও কালভৈরবের সম্মতি ছাড়া সেখানে কাউকে মৃত্যুদন্ড দিতে পারেন না ৷ সারা ভারতবর্ষে রয়েছে অসংখ্য কালভৈরব মন্দির৷ মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কালভৈরব মন্দিরে ভক্তরা ঠাকুরের উদ্দেশ্যে সুরা দেন ৷ বিক্রি হয় কালো দাগা ৷ বিশ্বাস এই সুতো পড়লে ভগবান ভক্তকে রক্ষা করেন ৷ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার পাশে তিতাস নদীর তীরে মেড্ডা গ্রামে রয়েছে ২৮ ফুট উঁচু কালভৈরব মূর্তি ৷ যাঁর ডানে মা কালী ও বাঁয়ে রয়েছে দেবী পার্বতী ৷ মহারাষ্ট্রে গ্রাম দেবতা ভৈরব বা ভৈরবনাথ বা বৈরাবর নামে তিনি পুজো পান ৷ কর্ণাটকের ভোক্কালিগা সম্প্রদায় তাঁকে গৌদাস বা ভোক্কালিগাস অর্থাৎ সর্বোচ্চ ঈশ্বর হিসাবে পুজো করেন ৷ একবার সমস্ত অসুরেরা দেবী সতীর ৫১টি পীঠ ধ্বংস করতে উদ্যত হয়। তখন এই অন্যায় কাজকে আটকাতে ভগবান শিবের নির্দেশে কালভৈরব তা আটকান । অসুরেরা সতীদেবীর পীঠ আক্রমন থেকে সরে যায় । তাই আজও মনে করা হয়, সতী দেবীর ৫১টি পীঠের রক্ষার দায়িত্বে রয়েছেন স্বয়ং কালভৈরব। তাই আজও প্রতিটি সতীপীঠের কাছে রয়েছে একটি করে ভৈরব তথা শিবের মন্দির। যেমন -নকুলেশ্বর , উমানন্দ , ভীরুকনাথ ইত্যাদি ৷ভগবতী সতীর বিভিন্ন রূপের পাশে পূজিত হন ভৈরব রূপী শিবভগবান ৷ ভগবান শিবের বিনাশী তত্ত্বের প্রকাশ ৷
কিছু পুরাণ অনুসারে ভৈরবের সংখ্যা ৬৪ টি। তন্ত্রমতে ৬৪ভৈরব ও তাঁদের সঙ্গিনী ৬৪ যোগিনী বিভিন্ন শক্তির আধার৷ ‘ভূত ডামর তন্ত্রে’ এঁকে কলিযুগে প্রধান দেবতা বলা হয়েছে ৷ তাঁদের আবার ৮ টি শ্রেনীতে বিভক্ত করা হয়েছে। প্রতিটি শ্রেনীতে আবার একজন করে প্রধান ভৈবর রয়েছেন। এই প্রধান ৮টি ভৈরবকে একত্রে অষ্ট ভৈরব বা অষ্টাঙ্গ ভৈরব বলা হয় ।
এই অষ্ট ভৈরব হলো —
(১) কপাল ভৈরব।
(২) ভীষণ ভৈরব।
(৩) অসিতাঙ্গ ভৈরব।
(৪) রূঢ় ভৈরব।
(৫) চন্ড ভৈরব।
(৬) ক্রোধ ভৈরব।
(৭) উন্মত্ত ভৈরব।
(৮) সংহার ভৈরব।
মার্গশীর্ষ বা অগ্রহায়ণ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমীতে সর্বত্র ধূমধাম করে পালিত হয় কালভৈরব জয়ন্তী বা তাঁর জন্ম তিথি ৷ মনে করা হয় এই দিন দুপুরে শিবের অংশ থেকে তাঁর জন্ম হয়েছিল ৷
তাঁকে উড়দ বা কালো মুসুর ডাল ও সরিষার তৈল নিবেদন করে লাল চন্দন , বেলপাতা , জুঁই ফুল ও পঞ্চামৃত নিবেদন করতে হয় ৷ কালো কুকুরকে মিষ্টি রুটি ও গুড়ের পিঠে খাওয়ানো হয় ৷ এদিন আমরা কালভৈরবের উদ্দেশ্যে ধূপ জ্বালিয়ে উত্তরে মুখ করে আচার্য শঙ্করাচার্যের লেখা ‘কালভৈরবাষ্টক স্তোত্র’ “ভূতসংঘনায়কং বিশালকীর্তিদায়কং ৷
কাশীবাসী -লোকপূণ্য-পাপ-শোষকং বিভূম্ …” আবৃত্তি করে কালভৈরব ও মহাদেবকে প্রণাম করি ৷ কাল ভৈরব গায়ত্রী “ওঁ কালকালায়া বিদ্যামহে কালথেথায়া ধীমহী তন্নো কাল ভৈরব প্রচোদয়াত ৷
