নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১২ সেপ্টেম্বর, ২০২৬। উত্তম কুমারের ছোটো ভাই, বন্ধু, সহশিল্পী ও সদা শুভাকাঙ্ক্ষী তরুণ কুমার ছিলেন বাংলা চলচ্চিত্র ও পেশাদারি মঞ্চের অতি জনপ্রিয় শিল্পী। সব ধরণের চরিত্রে যিনি অত্যন্ত সফল রূপকার হয়েও প্রচারের আলোয় অনেকটাই অনালোকিত। প্রচার জগতে ও জনমানসে দাদার বিপুল খ্যাতির চ্ছটায় কিঞ্চিৎ আড়ালেই রয়ে গেছেন। নিজেও খ্যাতির অন্বেষণে আগাগোড়াই অনুৎসাহী। অথচ তাঁর জীবন ও কর্মকাণ্ডে আলোকপাত জরুরি ছিল।
তরুণ কুমারের একমাত্র কন্যা ঝিমলি ওরফে মনামী বন্দ্যোপাধ্যায়ের মনে এ আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবেই জাগরুক ছিল। প্রয়াণের ২৩ বছর পরে তরুণ কুমারের ব্যক্তিজীবন, চলচ্চিত্র, মঞ্চ ও বেতার নাটকের আখ্যান ও তথ্য সম্বলিত একটি গ্রন্থ গড়ে উঠল ‘চির-তরুণ’ নামে। এতে থাকছে শিল্পীর বহু দুষ্প্রাপ্য ছবি ও তাঁর সমকালীন শিল্পীদের স্মৃতিচারণ।ঝিমলি ও পরিবারের সকলের সহায়তায় গ্রন্থ নির্মাণ করেছেন অলক রায় ঘটক। প্রচ্ছদ তরুণ কান্তি বারিকের ।
১২ সেপ্টেম্বর, শনিবার, সন্ধে ছ’টায় সাউথ সিটি মলের উল্টোদিকে ‘চারু বাসনা’ সভাঘরে গ্রন্থটি প্রকাশিত হবে বহু বিশিষ্ট মানুষের উজ্জ্বল উপস্থিতিতে। বইটি প্রকাশের দায়িত্বে ‘বই প্রকাশন’।

