ভারত মা হলে, পাকিস্তান মাসি : সানি দেওল…।

ভারত মা হলে, পাকিস্তান মাসি : সানি দেওল…।

Spread the love

কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ৫ আগস্ট, ২০২৬। স্বাধীনতা দিবসে আসছে পিরিয়ড ড্রামা ‘বাটোয়ারা ১৯৪৭’। আগামী ১৪ আগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় পর্দায় আসতে চলেছে ছবিটি। দেশভাগের আবেগ, ইতিহাস, সম্পর্কের টানাপোড়েন এবং মানবিকতার গল্প নিয়ে তৈরি এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তাই ছবি মুক্তির আগেই ভগবানের আশীর্বাদ নিতে বিহারের ঐতিহাসিক ও পবিত্র শ্রী পাটনা সাহিব গুরুদ্বারে সানি দেওল। সঙ্গে ছেলে করণ। নতুন ছবির সাফল্য কামনায় গুরুদ্বারে প্রার্থনা বাবা-ছেলের।

গুরুদ্বারে তাঁর এই সফর এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচনার বিষয়। শ্রী পাটনা সাহিব গুরুদ্বার থেকে সানি ও করণের একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল। নেটিজেনরাও খুশী যথেষ্ট এই কাজে। তবে সানির কাছে এই ধরনের সফর নতুন নয়। আগেও ‘গদর ২’ মুক্তির আগে তিনি অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে প্রার্থনা করেছিলেন। সেই ছবিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এই সফরের একাধিক ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা। সেই পোস্টের ক্যাপশনেই ধরা পড়েছে তাঁর গভীর আবেগ। সানি লিখেছেন, “শ্রী গুরু গোবিন্দ সিংজির পবিত্র জন্মস্থান তখত শ্রী হরমন্দিরজি পাটনা সাহিবে দর্শন করতে পেরে আমি সত্যিই নিজেকে ধন্য মনে করছি।” তাঁর এই কথায় স্পষ্ট, শুধুমাত্র ছবির প্রচার নয়, এই সফর তাঁর কাছে ছিল গভীরভাবে আধ্যাত্মিক ও ব্যক্তিগত অনুভূতিরও বহিঃপ্রকাশ।

এখানেই জন্মগ্রহণ করেন দশম গুরু শ্রী গুরু গোবিন্দ সিংজি। শিখ ধর্মের পাঁচটি তখতের মধ্যে অন্যতম। ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য এবং ইতিহাসের এক অনন্য মিলনক্ষেত্র এই গুরুদ্বার। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, গুরু গোবিন্দ সিংজির উদ্দেশে একাগ্রচিত্তে প্রার্থনা করছেন সানি দেওল।

পাটনায় ছবির প্রচারে গিয়ে বাবা ধর্মেন্দ্র দেওলকেও স্মরণ করেন সানি। সেই সময় ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বাবার একটি বহুল পরিচিত বক্তব্য তুলে ধরেন। সানি বলেন, “আমার বাবা বলতেন, ভারত যদি মা হয়, তাহলে পাকিস্তান আমাদের মাসি।” এই সংক্ষিপ্ত অথচ গভীর বক্তব্যের মাধ্যমে তিনি দেশভাগের আগে ভারত ও পাকিস্তানের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি, আত্মীয়তার বন্ধন এবং মানুষের পারস্পরিক সম্পর্কের কথাই স্মরণ করিয়ে দেন। তাঁর এই মন্তব্যতেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলোচনা।

‘বাটোয়ারা ১৯৪৭’ এর পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী এবং প্রযোজনায় আমির খান প্রোডাকশনস। ১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে নির্মিত এই পিরিয়ড ড্রামায় ইতিহাস, আবেগ, বিচ্ছেদ, ভালোবাসা এবং মানবিক সম্পর্কের এক অনন্য গল্প ফুটে উঠবে বলে আশা দর্শকদের। সানি ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, করণ দেওল, আলি ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারে-সহ একঝাঁক তারকা।

 

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *