শিখা দেব : কলকাতা, ২৪ জুন, ২২৬। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবস অন্যান্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হবে। এবারে মোহনবাগান রত্ন হচ্ছেন প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জনকুমার মিত্র। জীবনকৃতী সম্মানে সম্মানিত হবেন ভারতের প্রাক্তন গোলরক্ষক প্রতাপ ঘোষ। সেরা সিনিয়র ফুটবলার নির্বাচিত আলবার্তো রড্রিগেজ। আক্রমণভাগের সেরা ফুটবলার হিসেবে সম্মান পাবেন লিস্টন কোলাসো। বছরের সেরা সিনিয়র ক্রিকেটার মনোনীত হয়েছেন অভিষেক রমন। তরুণ সম্ভাবনাময় ফুটবলার হিসেবে সম্মানিত হবেন সুহেল আহমেদ ভাট। সেরা হকি খেলোয়াড় রাহিল মহসীন। সেরা অ্যাথলিট তাহুরা খাতুন। সেরা ক্রীড়া সংগঠক হিসেবে সম্মান জানানো হবে প্রয়াত গোপীনাথ ঘোষকে। সেরা রেফারি হলেন সাগর সেন। সেরা ক্রীড়া সাংবাদিক হিসেবে গৌতম ভট্টাচার্যকৈ মনোনীত করা হয়েছে। বছরের সেরা সমর্থক হিসেবে নির্বাচিত হলেন রাজীব রায় ও সৌরভ ঘোষ চক্রবর্তী। বিশেষ সংবর্ধনা দেওয়া হবে ক্রিকেটার অনুষ্টুপ মজুমদারকে।
বুধবার মোহনবাগান ক্লাবের কার্যকরী সভায় এই সিদ্ধান্তের পাশাপাশি সহসভাপতি পদে মনোনীত করা হল মোহনবাগান রত্ন ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত ফুটবলার প্রসূন ব্যানার্জি ও অসিত চ্যাটার্জিকে। ২৯ জুলাই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মোহনবাগান দিবসের সূচনা হবে। ওই দিনই প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ৩০ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

