২০৩০ এর কমনওয়েলথ গেমস ভারতে আয়োজিত হবে…।

২০৩০ এর কমনওয়েলথ গেমস ভারতে আয়োজিত হবে…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩ আগস্ট, ২০২৬। গ্লাসগো কমনওয়েলথ গেমস শেষ। ভারতের পদকের সংখ্যা আগের কয়েকটি আসরের তুলনায় কিছুটা কম হলেও সাফল্যের আলো একটুও ম্লান হয়নি। প্রতিকূল পরিস্থিতিকে সঙ্গী করেই নিজেদের সামর্থ্যের প্রমাণ ভারতের ক্রীড়াবিদদের। ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ, মোট ৩৯টি পদক জিতে পদক তালিকায় চতুর্থ স্থানে ‘টিম ইন্ডিয়া’। সমান সংখ্যক পদক জিতেও ভারতের রুপোর সংখ্যা বেশি থাকায় আয়োজক স্কটল্যান্ড পঞ্চম। পদক তালিকার প্রথম তিন স্থানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং কানাডা।

গত তিনটি কমনওয়েলথ গেমসের দিকে তাকালে বোঝা যায়, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ভারতের অবস্থান এখন কতটা শক্তিশালী ! ২০১৪ সালে স্কটল্যান্ডের গ্লাসগো, ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট এবং ২০২২ সালে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত তিনটি আসরেই ভারত পদক তালিকার প্রথম সারিতে !

২০১৪ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারত ১৫টি সোনা, ৩০টি রুপো এবং ১৯টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৬৪টি পদক জিতে পঞ্চম স্থান অধিকার করে। ২০১৮ সালের গোল্ড কোস্ট গেমসে ২৬টি সোনা, ২০টি রুপো এবং ২০টি ব্রোঞ্জ-সহ মোট ৬৬টি পদক জিতে তৃতীয় স্থানে উঠে আসে ভারত।

২০২২ সালে ইংল্যান্ডের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারত ২১টি সোনা, ১৬টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৬০টি পদক জিতে চতুর্থ স্থানে শেষ করে। তবে এবারের গেমস ভারতের কাছে ছিল একেবারেই ভিন্ন ধরণের চ্যালেঞ্জ ! বাজেট সীমাবদ্ধতার কারণে শুটিং, ব্যাডমিন্টন, কুস্তি, হকি এবং টেবিল টেনিসের মতো ভারতের সবচেয়ে সফল কয়েকটি ইভেন্টই এবারের প্রতিযোগিতার সূচি থেকে বাদ পড়ে। এতদিন এই খেলাগুলিই ভারতের পদক ভাণ্ডার সমৃদ্ধ করত। তাই আশঙ্কা ছিল, এবার পদকের সংখ্যা কমে যেতে পারে। কিন্তু সেই কঠিন বাস্তবতার মধ্যেও সীমিত সুযোগকে কাজে লাগিয়ে পদক তালিকায় ফোর্থ ভারত। এটাই, বোধহয়, এবারের সবচেয়ে বড় প্রাপ্তি !

এবারের কমনওয়েলথ গেমসের সবচেয়ে স্মরণীয় অধ্যায় বক্সিং রিং ! শুক্রবার রাত পর্যন্ত পরিস্থিতিও আশাব্যঞ্জক ছিল না। এমনকি গেমসের ইতিহাসে প্রায় প্রতি আসরেই প্রথম পাঁচে থাকা ভারত শুক্রবার রাত পর্যন্ত পদক তালিকার দশম স্থানে ছিল। তখন অনেকেই আশঙ্কা করেছিলেন, হয়তো এবার অতীতের সাফল্যের ধারেকাছেও পৌঁছতে পারবে না ভারত। কিন্তু ‘ওস্তাদের মার শেষ রাতে’ ! সেই কথারই বাস্তব প্রমাণ ভারতীয় বক্সাররা।

একদিনেই সাতজন বক্সার জিতে নিলেন সোনার পদক ! পাশাপাশি তিনটি রুপো ! একদিনের এই অভাবনীয় সাফল্য ভারতের অবস্থানই বদলে দেয় পদক তালিকায় !

সবচেয়ে সফল দিন ১ আগস্ট। একদিনেই দেশের ঝুলিতে ১৮টি পদক। বক্সিংয়ের সাতটি সোনার পাশাপাশি অ্যাথলেটিক্স এবং প্যারা অ্যাথলেটিক্স থেকেও একাধিক পদক ! সেই দিনই নিশ্চিত হয়ে যায়, ভারত পদক তালিকার প্রথম চার দেশের মধ্যেই থাকবে। শেষ দিনে পদকসংখ্যা না বাড়লেও সামগ্রিক সাফল্যের ছবিতে এই ব্যর্থতা খুব বেশি প্রভাব ফেলতে পারেনি।

এবার নজর ২০৩০ সালের দিকে। সমাপনী অনুষ্ঠানে কমনওয়েলথ গেমসের পতাকা এবং কিংস ব্যাটন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে আহমেদাবাদ। ২০১০ সালে নয়াদিল্লির পর আবারও ভারতের মাটিতে কমনওয়েলথ গেমসের আসর। সমাপনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন নীরজ চোপড়া। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি ঊষা এবং গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি। এ যেন একটি আসরের সমাপ্তি নয়, নতুন এক স্বপ্নের সূচনা ! আগামী ২০৩০ সালে কমনওয়েলথ দেশগুলোর সেরা ক্রীড়াবিদদের স্বাগত জানাতে প্রস্তুতি শুরু করবে ভারত। ২০৩০ এর গেমস ভারতে, আপনাদের কি মনে হয় আমাদের দেশ আরও বেশী পদক জিতবে ?

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *