শিল্পী দাস: আগরতলা, ২০ নভেম্বর, ২০২৬। মুম্বাইয়ের ললিতা কৃষ্ণমূর্তির ঘটনা সত্যিই মনকে ভারাক্রান্ত করে দেওয়ার মতো। মূলত চেন্নাইয়ের বাসিন্দা ললিতা কৃষ্ণমূর্তি প্রায় ৪০ বছর ধরে মুম্বাইয়ে একাই বসবাস করছিলেন। গত ১৩ নভেম্বর ২০২৬ তাঁর মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর সময় তাঁর পাশে দুই মেয়ে কিংবা পরিবারের নিকটজনদের কাউকেই পাওয়া যায়নি বলে প্রকাশিত সংবাদে জানা যাচ্ছে।
সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, মৃত্যুর পরেও তাঁর পরিবারের সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত আবাসনের প্রতিবেশীরা সংবাদপত্রে একটি বিজ্ঞাপন প্রকাশ করেন। সেখানে তাঁর দুই মেয়ে, আত্মীয়স্বজন কিংবা তাঁর পরিবারের খোঁজ জানেন এমন যে কারও কাছে যোগাযোগ করার আবেদন জানানো হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ললিতার প্রতিবেশীরাই তাঁর মৃত্যুর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। X-এ কিশোর সুব্রহ্মণ্যম নামে এক ব্যক্তি বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পবন শেট্টির কাছ থেকে তাঁর জীবনের শেষ দিকের কিছু তথ্য জানতে পারেন।
জানা যায়, তাঁর দুই মেয়ে রয়েছেন। কিন্তু তাঁরা কোথায় থাকেন, তাঁদের সঙ্গে কীভাবে যোগাযোগ করা সম্ভব, সে সম্পর্কে প্রতিবেশীদের কাছে স্পষ্ট তথ্য ছিল না। এমনকী মায়ের মৃত্যুর খবর তাঁদের কাছে পৌঁছেছে কি না, সেটিও নিশ্চিত নয়।
এই ঘটনা সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ আবেগপ্রবণ হয়ে পড়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, আধুনিক জীবনের ব্যস্ততা, কর্মসূত্রে দূরে চলে যাওয়া এবং বদলে যাওয়া পারিবারিক সম্পর্কের মাঝে আমাদের প্রবীণ বাবা-মায়েরা ক্রমশ একা হয়ে পড়ছেন না তো?
কিন্তু এই ঘটনা আমাদের প্রত্যেককে একটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়—
বাবা-মায়ের বয়স বাড়লে তাঁদের শুধু আর্থিক নিরাপত্তা নয়, প্রয়োজন সময়, সঙ্গ, ভালোবাসা এবং একটু খোঁজখবর।
জীবনের সাফল্যের জন্য আমরা কত দূর ছুটছি, কত বড় বাড়ি তৈরি করছি, কত টাকা উপার্জন করছি—কিন্তু যাঁদের হাত ধরে আমাদের জীবনের শুরু, তাঁদের সঙ্গে শেষ কবে মন খুলে কথা বলেছি?
একটা ফোনকল, কয়েক মিনিটের কথা, একটু সময় দেওয়া—হয়তো কারও একাকিত্ব অনেকটাই কমিয়ে দিতে পারে।
মনে রাখবেন, বাবা-মা চিরকাল আমাদের জন্য অপেক্ষা করে থাকবেন না।
তাঁরা বেঁচে থাকতে তাঁদের সময় দিন, ভালোবাসুন। কারণ মৃত্যুর পরে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে আর সেই হারিয়ে যাওয়া মুহূর্তগুলো ফিরিয়ে আনা যায় না।
ললিতা কৃষ্ণমূর্তির আত্মার শান্তি কামনা করি। আর যে প্রতিবেশীরা তাঁর কঠিন সময়ে মানবিকতার পরিচয় দিয়েছেন, তাঁদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা।
*এই লেখাটি জন স্বার্থে পোস্ট করা হল যদি কোন বিবেকবান মানুষের কাজে আসে।*

